ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সব দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমরা ক্ষুধা, দার্দ্রিয মুক্ত দেশ গড়ে তুলেছি। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, উন্নয়নসহ সকল দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের আয়োজনে মনোমুগ্ধকর বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


দীপু মনি বলেন, এতকিছুর পরেও কিছুটা ভয় আমাদের আছে। স্বাধীনতা সংগ্রামে যে পক্ষটি বিরোধিতা করেছে, যারা চেয়েছে, আমরা কখনও স্বাধীন না হই, যারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছিল, নজরুলকে খণ্ডিত করেছিল, আমাদের সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করেছিল তারা এখনও বসে নেই। তারা তাদের চক্রান্ত করে যাচ্ছে। তারা আমাদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করছে।


তিনি বলেন, এর থেকে উত্তরণে সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন। সমাজ-সংসার, ব্যক্তিজীবনে এই জাগরণ প্রয়োজন। ধর্মের খণ্ডিত অপব্যাখ্যা দিয়ে একটি জাতিকে সংস্কৃতিচর্চা থেকে দূরে সরিয়ে রাখলে সে জাতি কখনোই এগিয়ে যেতে পারবে না। আমরা বাঙালি এটিই আমাদের পরিচয়। আমাদের এই পরিচয়কে খণ্ডিত করার অপচেষ্টাকে প্রতিরোধ করতে হবে। সংস্কৃতি আর রাজনীতি যখনই হাতে হাত মিলিয়ে রাজপথে হেঁটেছে, তখনই আমাদের অধিকার আদায় হয়েছে।


আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টুর পরিচালনায় বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. রনজিত রায় চৌধুরী, যুব লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, লেখক ও চিত্রশিল্পী মাইনুদ্দিন লিটন ভূঁইয়া, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান প্রমুখ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন আনন্দধ্বনির প্রধান পৃষ্ঠপোষক ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

ads
ads
ads

Our Facebook Page

↑